ডেস্ক রিপোর্ট:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মদিনার মসজিদে নববীতে ইফতারের জন্য নতুন নিয়ম চালু করেছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছে, ইফতারের মূল মেনুর পাশাপাশি সরবরাহকারীরা শুধুমাত্র দুটি অতিরিক্ত আইটেম যোগ করতে পারবেন।
রমজান মাসে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে রোজাদারদের জন্য ইফতার সরবরাহ করা হয়। মসজিদে নববীতে সাধারণত ইফতারের খাবারের তালিকায় খেজুর, রুটি, দই, প্যাকেটজাত টিস্যু ও পানির বোতল থাকে। নতুন নিয়ম অনুযায়ী, ইফতার সরবরাহকারীরা চাইলে বাদাম, কাপকেক, পাই, কুকি বা মাংস, পুদিনা ও শাক দিয়ে তৈরি সেদ্ধ খেজুর যোগ করতে পারবেন। তবে দুটির বেশি আইটেম দেওয়া যাবে না।
এছাড়া, ইফতার সরবরাহ করতে হবে অনুমোদিত ক্যাটারিং কোম্পানির মাধ্যমে। আর যারা রোজাদারদের সেবা প্রদান করবেন, তাদের তথ্য মসজিদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এ মাসে বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালনের জন্য মক্কায় সমবেত হন। ওমরাহ শেষে তারা মদিনায় অবস্থিত মসজিদে নববীতে গিয়ে মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারত করেন। এ কারণে রমজান মাসে মসজিদে নববীতে লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল জনসমাগমকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি গ্রহণ করছে।












