সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ইন্তেকাল করেছেন শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি। দীর্ঘ পাঁচ দশক ধরে মসজিদে নববিতে পবিত্র কোরআন ও দশ কেরাতের দরস প্রদান করে তিনি মুসলিম বিশ্বে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে মদিনার আলেমসমাজ ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগণিত শিক্ষার্থীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আধুনিক সুযোগ-সুবিধাবিহীন সময় থেকেই তিনি মসজিদে নববিতে নিয়মিত পাঠদান শুরু করেন। সে সময় মসজিদের প্রাঙ্গণে কার্পেটের পরিবর্তে ছিল কাঁকর বিছানো মেঝে। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে শিক্ষাদান অব্যাহত রাখেন।
সহকর্মী ও ছাত্রদের ভাষ্যমতে, দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি প্রায় কখনোই দরস থেকে বিরতি নেননি। এমনকি নিজের বোনের ইন্তেকালের দিনও জানাজা ও দাফন সম্পন্ন করে তিনি পুনরায় পাঠদানে ফিরে আসেন। কোরআনের প্রতি তাঁর গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
তাঁর কাছে শিক্ষাগ্রহণ করে বিশ্বের বিভিন্ন দেশে বহু শিক্ষার্থী হাফেজ, কোরআন শিক্ষক ও দাঈ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে তাঁর শিক্ষার আলো।
নামাজে জানাজা শেষে তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে।












