বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত ২ সংসদ সদস্য। তারা হলেন- ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ও বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী।
জানা যায়, পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই এমপিপুত্র। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতার নাম মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
এদিকে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মন্ত্রী পরিষদে স্থান পাওয়া খবরে উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মী ও অনুসারীরা। এ সময় তারা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই মাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।












