কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মনোহরগঞ্জে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন, ত্রাণ এবং সুপেয় পানির তীব্র সংকট

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৬, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

সেলিম সজীব :

টানা বর্ষণে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। রাতভর অব্যাহত বৃষ্টিপাত চলতে থাকলে এবারের বন্যা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলার গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পাঠদান বন্ধ রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অর্ধলক্ষাধিক মানুষ। দেবপুর, পোমগাঁও, যাদবপুরসহ মনোহরগঞ্জের বিভিন্ন গ্রামের প্রধান সড়কগুলো হাঁটুর ওপর পানি ঢেকে রেখেছে।

বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য এবং বিশুদ্ধ পানির সংকট। ত্রাণের জন্য মানুষের হাহাকার ক্রমেই বাড়ছে। বাজারে খাদ্য সংকট এবং সাপের উপদ্রবে দুর্ভোগ আরও বেড়েছে। অনেক মানুষই কাটাচ্ছে নির্ঘুম রাত।

ত্রাণ সহায়তা নিয়ে বিভিন্ন সংগঠন লাকসাম উপজেলায় কাজ করছে, কিন্তু পাশের মনোহরগঞ্জে সাহায্য পৌঁছাচ্ছে না। প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা এখনো কোনো ধরনের সহায়তা পাননি, যার ফলে সেখানে খাবারের সংকট আরও তীব্র হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলায় দেবপুর গ্রামের সুমন হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘ভালো নেই আমাদের গ্রাম আমাদের দেবপুর মানুষ চার দিকে বন্যা মানুষের হাহাকার, বন্যা পানি বেড়ে চলেছে আমাদের গ্রামের অধিকাংশ জাগা বন্যা কবলিত।আল্লাহ তুমি আমাদের রক্ষা করো।’

শিক্ষিকা ফয়েজুন্নেসা চামেলি বলেন, নলকুপ ও লাইন পানির নিচে হওয়ায় নিরাপদ পানির অভাব। মানুষ না বুঝে এই পানি পান করছে, ফলশ্রুতিতে সবাই অসুস্থ না হয়ে পড়ে।

ঘরে ঘরে ফিটকিরি ও পানিবিশুদ্ধকরন ট্যাবলেট পৌঁছে দিতে পারলে ভালো হতো।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজালা রানী চাকমা বলেন, এখানে বন্যা পরিস্থিতি অবনতির দিকে। আজকে পানি কিছুটা বেড়েছে। মনোহরগঞ্জ উপজেলার অনেক দুর্গম এলাকা রয়েছে যেগুলোতে নৌকা ছাড়া যাওয়া একেবারেই অসম্ভব। আমাদের কাছে নৌকার প্রচুর সংকট রয়েছে।