কুমিল্লারবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফ্লাইট স্থগিত, জেদ্দায় আটকা মুশফিকুর রহিম

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা তীব্র হওয়ায় আকাশপথে চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিভিন্ন দেশের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে অঞ্চলের বেশ কয়েকটি দেশ সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। মুশফিক জানান, সকালে Emirates–এর EK 0806 ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হলেও আকাশপথে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্লাইটটি মাঝপথ থেকে ঘুরিয়ে আবার জেদ্দায় অবতরণ করে।

পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতিতে বহু ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে এবং হাজারো যাত্রী বিমানবন্দরে অপেক্ষায় রয়েছেন। অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কবে এবং কীভাবে ঢাকায় ফেরা সম্ভব হবে, তা অনিশ্চিত বলেও জানান তিনি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনসও একই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। পরবর্তীতে ইরানও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে।