ইরানে নতুন করে হামলা চালানো হতে পারে এমন জল্পনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন যুদ্ধজাহাজ পৌঁছেছে।
গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক বুধবার সুয়েজ খাল পেরিয়ে উপসাগরের দিকে যাত্রা করেছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে অন্তত ১০টি মার্কিন যুদ্ধজাহাজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন।
একজন মার্কিন কর্মকর্তা মঙ্গলবার বিবিসিকে নিশ্চিত করেছেন, ক্যারিয়ারটি ওই অঞ্চলে রয়েছে, যদিও এটি এক সপ্তাহেরও বেশি সময় ধরে ট্র্যাকিং সাইটগুলোতে দেখা যায়নি।
তবে আজ ভোরে বিবিসি মার্কিন নৌবাহিনীর অসপ্রে বিমানকে ট্র্যাক করেছে, যা ওমানের দিকে যেতে দেখা গেছে।
অসপ্রে হলো একটি পরিবহন বিমান, যা হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে, আবার বিমানের মতো উড়তেও পারে। এগুলো সাধারণত আব্রাহাম লিংকন থেকে পরিচালিত হয় বলে জানা যায়।
বিবিসির জানিয়েছে, দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভ দমনে ইরানের কঠোর পদক্ষেপ এবং তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে ওয়াশিংটন তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে। জাহাজ-ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে, আরেকটি মার্কিন যুদ্ধজাহাজ—ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক—আগে ভূমধ্যসাগরে থাকার পর এখন এই অঞ্চলে পৌঁছেছে।












