মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয়টি রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী সব ফ্লাইট বন্ধ থাকবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, উল্লিখিত ছয়টি গন্তব্য ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য রুটগুলো—জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট—এ ফ্লাইট স্বাভাবিক নিয়মে চলবে।
যেসব যাত্রী ইতোমধ্যে স্থগিত রুটগুলোর টিকিট সংগ্রহ করেছেন, তারা অতিরিক্ত ফি ছাড়াই টিকিট ফেরত নিতে পারবেন অথবা বিনা খরচে যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। দেশে ও বিদেশে বিমানের সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে (অভ্যন্তরীণ: ১৩৬৩৬, আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬)।
সংস্থাটি জানায়, যাত্রীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ তথ্য জানানো হবে। সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।












