স্টাফ রিপোর্টার:
নির্বাচনের ঠিক একদিন আগে কুমিল্লায় অস্ত্রের একটি বড় চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় দুটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
কুমিল্লায় নির্বাচনের প্রাক্কালে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত টানা প্রায় আট ঘণ্টা অভিযান চালিয়ে আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকার দুটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব। এই সময় উদ্ধার করা হয় তিনটি বিদেশে পিস্তল, ছয়টি ম্যাগাজিন, একটি রিভলবার, দুটি একনালা বন্দুক, বিপুল পরিমাণ বুলেট এবং ৩৩ টি দেশীয় অস্ত্র।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের একটি চালান কুমিল্লায় প্রবেশ করতে পারে। ওই তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার ভোর রাতে কটকবাজার এলাকায় অবস্থান নেয় র্যাব সদস্যরা। দীর্ঘ সময় নজরদারির পর তারা নিশ্চিত হয় যে একটি পুকুরে অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছে।
পরে পুকুরে তল্লাশি চালিয়ে সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। এরপর পাশের আরেকটি পুকুরে অভিযান চালিয়ে আরও কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় তিনটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুটি একনালা বন্দুক, ছয়টি ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন ধরনের ৩৩টি দেশীয় অস্ত্র।
অস্ত্র উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নির্বাচনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে র্যাব–১১ সিপিসি–২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলো নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।












