কুমিল্লাবুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য অব্যাহত, জরিমানায়ও থামছে না সিন্ডিকেট

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রভাবশালী মহলের আশ্রয়ে ফসলি জমি কেটে মাটি বিক্রির অভিযোগ ক্রমেই বাড়ছে। প্রশাসনের নিয়মিত অভিযান ও জরিমানা সত্ত্বেও এ অবৈধ কার্যক্রম বন্ধ হচ্ছে না, বরং আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত ১৫ দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হলেও মাটিখেকোদের দৌরাত্ম্য কমেনি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত বিভিন্ন অভিযানে একাধিক ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গভীর রাতে এক্সকাভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে ট্রাকে করে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে উর্বর জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে গ্রামীণ সড়ক ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, রাতভর ট্রাক চলাচলের কারণে সড়ক ভেঙে যাচ্ছে এবং বাড়ছে শব্দদূষণ। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা, যারা ধীরে ধীরে তাদের আবাদি জমি হারাচ্ছেন।

স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, এ অবৈধ বাণিজ্যের সঙ্গে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনা না গেলে পরিস্থিতির উন্নতি হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান জানিয়েছেন, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।