টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, শুধু ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই কথা জানায় পিসিবি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, কূটনৈতিক উদ্যোগে পাল্টাতেও পারে পাকিস্তানের সিদ্ধান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান।
রোববার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়, ‘পাকিস্তান ইসলামিক রিপাবলিকের সরকার আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন প্রদান করছে।’
তবে একই সঙ্গে জানানো হয়, ‘আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’
টাইমস অব ইন্ডিয়াকে রোববার দেয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, পাকিস্তানের এমন সিদ্ধান্ত আইসিসিকে আঘাত করবে। তিনি বলেন, ‘ভারত বা পাকিস্তান যেখানেই খেলা হোক, ৬০-৭০ শতাংশ মানুষ বিশ্বকাপ দেখেন শুধু ভারত-পাকিস্তান ম্যাচের কারণে।’
তবে এখনই সবকিছু চূড়ান্তভাবে নিচ্ছেন না লতিফ। তিনি বলেন আগামী ২৪ ঘণ্টায় অনেক কিছু পরিবর্তন আসতে পারে। লতিফ বলেন, ‘সবসময়ই একটি পর্দার আড়ালের কূটনীতি কাজ করে। ২৪ ঘণ্টার মধ্যে অনেক কিছুই ঘটা সম্ভব। তবে যদি সমাধান না আসে, তাহলে এটি বিশ্ব ক্রিকেটের জন্য একটি বিপর্যয়।
এদিকে লতিফ মনে করেন, বাংলাদেশের বিষয়টিই এখানে বড় প্রভাব রেখেছে। সাক্ষাৎকারে লতিফ বলেন, ‘সবকিছু ঠিকঠাকই চলছিল। ভারত ও পাকিস্তান দুই দেশই সম্মত হয়েছিল যে আগামী তিন বছর আমরা হাইব্রিড মডেলে খেলব। এভাবেই দুবাইয়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে, এমনকি শ্রীলঙ্কায় নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের নারী দল খেলেছে। কিন্তু বাংলাদেশের ঘটনার পর থেকে দৃশ্যপট পাল্টে গেছে।’












