ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নাসিরনগর সদর কলেজ মোড় শহীদ ইমরান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
নাসিরনগর ইসলামী সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা হুসাইন আহমদ নুরপুরী এবং পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ বিন সাঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।










