ডেস্ক রিপোর্ট:
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দুই দশক। বিশ্বকাপ শিরোপা তো দূরের কথা, ফাইনালে পৌঁছানোর স্বাদও পায়নি ব্রাজিল। আসন্ন ২০২৬ বিশ্বকাপে তাদের জয় নিয়ে আশাবাদী হওয়াটাও কঠিন। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পারফরম্যান্স উদ্বেগজনক। যেন ব্রাজিলীয় ফুটবলে নেমে এসেছে গভীর সংকট।
সম্প্রতি ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর ঘরের মাঠে উরুগুয়ের সঙ্গেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ব্রাজিলকে। বছরের শেষ ঘরের মাঠের ম্যাচেও জয় না পাওয়ায় হতাশ দলটির সমর্থকরা। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলেও এই পারফরম্যান্সের ছাপ পড়েছে। চতুর্থ স্থান থেকে নেমে পঞ্চম স্থানে রয়েছে দলটি।
এই কঠিন সময়ে ব্রাজিলের ফুটবলকে ঘুরে দাঁড়ানোর পথ দেখাতে এগিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। দেশের ফুটবলের অবস্থা পুনরুদ্ধারে বড় পরিবর্তনের প্রয়োজন মনে করছেন তিনি। এ কারণে নিজেই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতির পদে বসার ইচ্ছা প্রকাশ করেছেন এই সাবেক বিশ্বকাপজয়ী তারকা।
সম্প্রতি নিজের প্রতিষ্ঠিত ‘ফেনোমেনোস ফাউন্ডেশন’-এর এক নিলামের অনুষ্ঠানে রোনালদো বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আসছি। আমার অবস্থান বদলায়নি। আমরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছি, এবং আমি শতভাগ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বড় পরিবর্তন দরকার। যদিও আমি এখন কোনো প্রার্থী নই এবং সামনে কোনো নির্বাচনও নেই, তবে এটি আমার স্বপ্ন।’
সিবিএফের পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। তবে রোনালদোর এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, তিনি হয়তো সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো বলছে, যদি রোনালদো সিবিএফের সভাপতি হন, তার প্রথম পদক্ষেপ হবে জাতীয় দলের কোচ পরিবর্তন। বর্তমান কোচ দরিভাল জুনিয়রকে সরিয়ে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে ব্রাজিল দলের দায়িত্বে আনার জন্য আপ্রাণ চেষ্টা করবেন রোনালদো। এমন সম্ভাবনায় উচ্ছ্বসিত দলটির সমর্থকরাও।












