কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেয়া হয়েছে’

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ব্যাংক ডাকাতির সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা কঠোর নির্দেশ দিয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক বৈঠকে প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেছেন, যারা ব্যাংক ডাকাতির সাথে জড়িত এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, “যেকোনো উপায়ে হোক, তাদের আইনের মুখোমুখি করতে হবে। যারা এই অপরাধ করেছেন, তারা মূলত বাংলাদেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়েছেন।”

এছাড়াও তিনি বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকা করার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়াই উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর ফলে চলতি বছরে প্রায় ১১ হাজার ৪৪৪ কোটি টাকা, অর্থাৎ প্রায় ১০ শতাংশ ব্যয় কমানো সম্ভব হবে।

গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন কূপ খননের মাধ্যমে দৈনিক ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৮ সালের মধ্যে এই উৎপাদন দৈনিক ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।