ডেস্ক রিপোর্ট:
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি জোরদান করা হয়েছে। এ বিষয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের সামনে অভিভাবকদের জমায়েত না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অন্যদিকে, গত ৫ আগস্টের পর থেকে একটি চক্র বিভিন্ন ইস্যুতে গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এসএসসি পরীক্ষাকে ঘিরেও প্রশ্নফাঁসের গুজব ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নূর-ই-আলম সিদ্দিকী।












