সাইফুল ইসলাম
কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ভোটের ফল বলছে, এখানে লড়াই ছিল টানটান। মোট ৪ লাখ ৭৬ হাজার ৭৮ জন ভোটারের এই আসনে ১৪৩টি কেন্দ্রের সব ফল একসঙ্গে প্রকাশ হয়েছে।
সর্বমোট ২ লাখ ৭০ হাজার ৮১৬ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ৬৪ হাজার ১৮৪টি এবং বাতিল ভোট ৬ হাজার ৬৩২টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৮৮ শতাংশ।
ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৯৩৮ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রাশেদুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫০৫ ভোট। আমার বাংলাদেশ পার্টির যোবায়ের আহমেদ ভূইঁয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯ ভোট। জাতীয় পার্টির মোঃ এমরানুল হক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭০৫ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফী কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি মনোনীত শিরিন আক্তার তারা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩ ভোট। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজিল আহমেদ আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৭ ভোট। বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৭ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আবুল বাশার আম প্রতীক নিয়ে পেয়েছেন ১০৪ ভোট।
সংখ্যার হিসেবে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের প্রায় পুরোটাই গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। ফলে বুড়িচং–ব্রাহ্মণপাড়ায় এবারের নির্বাচন ছিল মূলত দুই শক্তির সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, যেখানে ব্যবধানই হয়ে উঠেছে সবচেয়ে বড় আলোচনা।












