কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে পাকিস্তানকে সমর্থনের আশ্বাস পিসিবির সাবেক চেয়ারম্যানের

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ২৪, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় না নিলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে–এটাই যে বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্ত তা জানিয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও পূর্বের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন। অর্থাৎ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলা এক প্রকার নিশ্চিতই বলা যায়।

পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তবে সেই সিদ্ধান্তে সমর্থন দেবেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। এমন প্রতিবেদনের পক্ষে মত দিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি। শেঠির মতে, এমন সিদ্ধান্ত নিলে তা যুক্তিসঙ্গতই হবে।


টেলিকম এশিয়া স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নাজম শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের বিষয়ে একটি শক্ত ও বৈধ অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয় পিসিবি কী সিদ্ধান্ত নেয়।’


সিদ্ধান্তটির গুরুত্ব স্বীকার করলেও বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির ওপর আস্থা প্রকাশ করেন শেঠি। তিনি বলেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি সেটিকে সমর্থন করব। মহসিন নকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। তিনি যে সিদ্ধান্তই নিন, সেটাই সঠিক হবে এবং তার উচিত সেটিতেই অটল থাকা।’


এ সময় শেঠি আইসিসিকেও আক্রমণ করে বলেন, বড় সিদ্ধান্তগুলোতে সংস্থাটি নিয়মিত ভারতের পক্ষ নিচ্ছে। তার ভাষায়, ‘আইসিসির সময় এসেছে প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করার। অন্য দেশগুলোকেও রুখে দাঁড়াতে হবে। তা হলে আইসিসি বুঝবে—এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’


শেঠির মতে, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের অনুরোধটি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। তিনি বলেন, ‘বিসিবির কাছে যৌক্তিক কারণ ছিল, কারণ সেখানে উত্তেজনা ও হুমকি রয়েছে। কিন্তু আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে নেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, আর সিদ্ধান্তটিও ভারতের অনুকূলে এসেছে।’


এরই মধ্যে বিসিবি আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটিতে (ডিআরসি) একটি অভিযোগ দায়ের করেছে—যা এই অচলাবস্থার সর্বশেষ ঘটনা।

আরও পড়ুন: ‘রাজনৈতিক লড়াই জিতলেও ক্রিকেট যুদ্ধে হেরে গেছি’


ডিআরসি প্রক্রিয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শেঠি। তিনি আগে দ্বিপক্ষীয় চুক্তি থাকা সত্ত্বেও ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতির বিষয়ে ডিআরসিতে মামলা করেছিলেন। তবে সেই মামলা সফল হয়নি এবং পিসিবিকে আইনি খরচ হিসেবে প্রায় ২০ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছিল।


উল্লেখ্য, নাজাম শেঠি তিন দফায় পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন; সর্বশেষ মেয়াদ ছিল ডিসেম্বর ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত।