কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন গণমাধ্যমের ওপর ক্ষোভ কেন তা জনগণের কাছে স্পষ্ট করা দরকার: উপদেষ্টা নাহিদ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৬, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বিভিন্ন গণমাধ্যমের প্রতি মানুষের ক্ষোভ বৃদ্ধি পেয়েছে। কেন এই ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট করার প্রয়োজনীয়তা রয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “মানুষ যে ধরনের সহযোগিতা গণমাধ্যম থেকে প্রত্যাশা করে, তা এখনো পুরোপুরি পাচ্ছে না। অনেক প্রতিষ্ঠিত গণমাধ্যম এখনো ভুল সংবাদ ও গুজব ছড়াচ্ছে। গণমাধ্যমের ওপর ক্ষোভের কারণগুলো জনগণের সামনে পরিষ্কার হওয়া জরুরি। তবে কোনো গণমাধ্যম অফিসে ভাঙচুর হলে, সরকার তা সমাধান করবে।”

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার বিষয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করবে। তবে ফ্যাসিবাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। সিদ্ধান্ত নিতে হবে গণমাধ্যমের নিজস্ব সংবাদকক্ষগুলোকে। তাৎক্ষণিক সমাধান নয়, সত্য স্বীকারের মাধ্যমে জাতীয় ঐক্য স্থাপন করা সম্ভব।”

নাহিদ ইসলাম আরও বলেন, “শুধু ষড়যন্ত্রের অভিযোগ দিয়ে বিষয়গুলো এড়িয়ে যেতে চাই না। বর্তমান পরিস্থিতি সামাল দিতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। ক্ষোভ থেকে আন্দোলনের জন্ম হতে পারে। তবে যদি আইনশৃঙ্খলা লঙ্ঘিত হয়, তা নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা চাই না, আগের আমলের মতো পরিস্থিতি তৈরি হোক, যেখানে পুলিশকে জনতার ওপর গুলি চালাতে হয়েছে। তবে বিশৃঙ্খলা রোধে পুলিশ বাহিনীকে শক্তিশালী ও পুনর্গঠিত করা হচ্ছে।”