কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএল শুরুর আগে ওসমান হাদির জন্য এক মিনিট নীরবতা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি মারা যাওয়া শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আজ শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত প্রাক-ম্যাচ আনুষ্ঠানিকতার সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। সবশেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করেন মাঠে উপস্থিত খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকরা। এ সময় জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

নীরবতা পর্ব শেষে বেলুন উড়িয়ে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রায় ২৫ হাজার বেলুনে রঙিন হয়ে ওঠে স্টেডিয়াম আকাশ। এর পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় ‘ডে-লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনী।

উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর অনুষ্ঠিত হয় দিনের প্রথম ম্যাচের টস। টস জিতে রাজশাহী ওয়ারিয়র্স স্বাগতিক সিলেট টাইটান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচ শেষে দর্শকদের জন্য রাখা হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। সেখানে দেশের জনপ্রিয় শিল্পীরা নাচ ও গানে অংশ নেবেন, ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে পরিবেশিত হবে কোরিওগ্রাফি। পুরো আয়োজনের কোরিওগ্রাফির দায়িত্বে রয়েছেন ফুয়াদ মুকতাদির।