ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম আজ থেকে শুরু হতে যাচ্ছে। এবারের আসরে চিটাগং কিংস একটি নতুন উদ্যোগ নিয়েছে—তারা নিয়োগ দিয়েছে একজন অফিশিয়াল হোস্ট। ইতোমধ্যে তাকে ঢাকার মাঠে দেখা গেছে।
বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিজেদের সঞ্চালক নিয়োগ দেওয়া সাধারণ একটি বিষয় হলেও, বিপিএলে এটি প্রথমবারের মতো ঘটছে। এবারের আসরের জন্য ভারতীয়-কানাডীয় মডেল ইয়েশা সাগরকে তাদের হোস্ট হিসেবে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস।
ইয়েশা এর মধ্যেই ঢাকা এসে পৌঁছেছেন এবং দলটির অনুশীলন কার্যক্রম থেকে নিয়মিত খবর জানাচ্ছেন। তাকে প্রায়ই মাইক্রোফোন হাতে দলের অনুশীলনের খবর সংগ্রহ করতে দেখা যাচ্ছে। এসব সঞ্চালনার ভিডিও চিটাগং কিংসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা হচ্ছে।
এর আগে কানাডায় অনুষ্ঠিত টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-২০-তে সঞ্চালনা করে আলোচনায় আসেন ইয়েশা। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি তিনি ফিটনেসপ্রেমী হিসেবে পরিচিত এবং এ জন্য ভক্তদের মাঝে প্রশংসিত। ইনস্টাগ্রামে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া ইয়েশাকে নিয়ে এখন সরগরম নেট দুনিয়া।












