কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলে পারিশ্রমিক না পেয়ে হোটেলে আটকা বিদেশি ক্রিকেটাররা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি ১১তম আসরে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি মালিকদের কারণে এক ন্যক্কারজনক ঘটনার সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ায় দলটির বিদেশি তারকারা ম্যাচ বর্জন করেছেন। এখন তাদের পারিশ্রমিক না দেওয়ার কারণে তারা হোটেলের খরচ দিতে পারছেন না এবং বিমানের টিকিট কেটে ঢাকা ছেড়ে নিজ দেশে ফিরতেও পারছেন না।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, রাজশাহীর মালিকপক্ষ ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার জন্য যে ডেডলাইন নির্ধারণ করেছিলেন, তা অনেক আগেই পার হয়ে গেছে। কিন্তু এখনও ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। এর ফলে তারা ঢাকার হোটেলে আটকা পড়ে রয়েছেন।

সময়মতো টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে হোটেল ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর মালিক শফিক রহমান। তার কক্ষের বাইরে নিরাপত্তা কর্মীদের বসে থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ কারণে হোটেল কর্তৃপক্ষ তার গাড়ি জব্দ করেছে। পরে রাজশাহী দল ঢাকায় ফিরলে পেমেন্ট সমস্যার কারণে একটি হোটেল থেকে চেক আউট করতে বাধ্য হয়।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, গত বছর বোর্ডে নেওয়ার সময় বিসিবি রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে সঠিকভাবে যাচাই করেনি। তিনি বলেন, ‘আমি মনে করি আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে সঠিকভাবে বিচার করিনি। আমরা তাদের অভিজ্ঞতা এবং আর্থিক শক্তি যাচাই করিনি। এটা এখন আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছে।’

শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাকে পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। উপদেষ্টা বলেন, ‘আমি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি, তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, তিনি অর্থ পরিশোধ করবেন। আমি তাকে স্পষ্টভাবে বলেছি যে, তিনি যদি তা করতে ব্যর্থ হন তবে আমরা আইনি পদক্ষেপ নেব। আর কোনো আলোচনা হবে না। আমাদের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি এই দলটি কিভাবে গঠিত হলো তা খতিয়ে দেখবে।’

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারালেও পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে থাকায় আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে দুর্বার রাজশাহী। দলটির হয়ে এবারের আসরে বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছেন মোহাম্মদ হারিস (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), মার্ক ডেয়াল (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে) এবং মিগুয়েল কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ)।

এই বিদেশি ক্রিকেটাররা চুক্তি অনুসারে পুরো পারিশ্রমিক পাননি। কয়েকজনকে ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছে, আবার অনেকে কোনো পারিশ্রমিকই পাননি। শুধু তাই নয়, গত ১১ দিন ধরে দৈনিক ভাতাও দেওয়া হয়নি ক্রিকেটারদের।

চলতি আসরের শুরুতে রাজশাহীর নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান এনামুল হক বিজয়। শুরুর দিকে কয়েক ম্যাচে হেরে যাওয়ায় তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন। এরপর রাজশাহীর নেতৃত্ব চলে আসে পেস বোলার তাসকিন আহমেদের কাঁধে। তার নেতৃত্বে শেষ দিকে কয়েকটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি করেছিল রাজশাহী। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত আসর থেকে ছিটকে যায় দলটি।

সূত্র: যুগান্তর