কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশ পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশ থেকেই তৈরি: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৮, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষের সেবাকে অগ্রাধিকার দিতে হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) ফরেন সার্ভিস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, কর্মীদের বিদেশে পাঠানোর সময় ৮০% সমস্যার সৃষ্টি হয় দেশ থেকেই, যা পরে দূতাবাসকে মোকাবিলা করতে হয়। তাই প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কমবে এবং দূতাবাসের চাপও হ্রাস পাবে।

রেমিটেন্স প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৯৮০-এর দশকে বাংলাদেশের রফতানি আয় ছিল মাত্র এক বিলিয়ন ডলার, যা এখন বেড়ে ৬০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ ক্ষেত্রে দূতাবাসগুলোর ভূমিকা উল্লেখযোগ্য।” তিনি আরও যোগ করেন, “সীমাবদ্ধতা সত্ত্বেও এক কোটি প্রবাসী দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, যা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “আরাকান আর্মির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল হয়ে উঠেছে। বাংলাদেশ তাদের সাথে সরাসরি আলোচনা করতে পারছে না, আবার তাদের এড়িয়েও যাওয়া সম্ভব নয়।”

এছাড়া তিনি মুক্তিযুদ্ধে ফরেন সার্ভিসের ভূমিকা স্মরণ করে বলেন, “১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন প্রতিষ্ঠিত হয়। তখন মাত্র ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বৈশ্বিক জনমত গঠনে কাজ শুরু করেছিলেন আমাদের কূটনীতিকরা।”