কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে আর পাঠ্যপুস্তক ছাপানো হবে না: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

এনসিটিবির অধীনে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণকৃত পাঠ্যপুস্তক আর বিদেশে ছাপানো হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “বই মুদ্রণের ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বাণিজ্যিক স্বার্থের পরিবর্তে গুণগত মানের দিকে নজর দেওয়া হচ্ছে। উন্নত কাগজ, ছাপা ও মলাট নিশ্চিত করে সব বই দেশে ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”

ড. মাহমুদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত দুর্নীতিগ্রস্ত অনেক কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ বিষয়ে তদন্তের অনুরোধ জানানো হবে।

বই বিতরণের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, “আগের বাজারমূল্যেই বই মুদ্রিত হয়েছে। যারা এই প্রক্রিয়ায় বাধা দিয়েছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে যে সরকার আসবে, তাদের কাছে এই তালিকা হস্তান্তর করা হবে।”

পাঠ্যবই পরিমার্জন প্রসঙ্গে তিনি বলেন, “দলীয় রাজনীতির প্রভাবমুক্ত থেকে বইগুলো সংশোধন করা হয়েছে। নবম ও দশম শ্রেণির জন্য আগে সাধারণ গণিত ও বিজ্ঞান পড়ানো হতো, এখন উচ্চতর গণিত ও বিজ্ঞানও অন্তর্ভুক্ত করা হয়েছে।”