ডেস্ক রিপোর্ট:
শাহিদ কাপুর এবং কারিনা কাপুরের প্রেম নিয়ে একসময় বিটাউনে ব্যাপক আলোচনা হয়েছিল। ইমতিয়াজ আলির ‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তখন সাল ছিল ২০০৭। তাদের বিচ্ছেদের খবরে বলিউডে তোলপাড় শুরু হয়। কারণ, এর ঠিক এক মাস আগেই এই জুটির ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হয়ে যায়। শাহিদ ও কারিনার একে অপরের ঠোঁটে ঠোঁট রাখার ছবি দেখে অনেকেই চমকে যায়। এর পরই তাদের ব্রেকআপ! কথা বলা তো দূরে, মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে ১৮ বছর। দুজনেই নিজেদের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন।
এবার সেই পুরনো ক্ষত ও অভিমানের বরফ গলিয়ে প্রকাশ্যেই শাহিদকে বুকে টেনে নেন কারিনা। এই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভুল করেননি পাপারাজ্জিরা। একসময় যে প্রেম বলিউডে হইচই ফেলে দিয়েছিল, যে চুম্বন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল, তা আজ শুধুই স্মৃতি। বলিউডের অনেক তারকা যুগল বিচ্ছেদের পরও প্রাক্তন সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখেন। যেমন—আমির-কিরণ, হৃতিক-সুজান প্রমুখ। তবে শাহিদ ও কারিনা এতদিন সেই পথে হাঁটেননি। বিচ্ছেদের পর তারা একে অপরকে এড়িয়েই চলতেন। কিন্তু এবার প্রাক্তন প্রেমিকার সঙ্গে তিক্ততা ভুলে ‘জাব উই মেট’ মুহূর্ত উপহার দিলেন শাহিদ।
সম্প্রতি জয়পুরে আইফা পুরস্কারের লাল গালিচায় শাহিদ ও কারিনাকে একসাথে দেখা গেছে হাসিমুখে। উপস্থিত অতিথি, তারকা ও সাংবাদিকদের সামনেই শাহিদকে জড়িয়ে ধরেন কারিনা। মঞ্চে বিশেষ অতিথিদের সম্মান জানাতে উঠেছিলেন তারা। এর ফাঁকে প্রাক্তন প্রেমিকের সঙ্গে হাসিমুখে কথা বলেন কারিনা এবং তাকে জড়িয়ে ধরেন। এই মুহূর্ত এখন নেট দুনিয়ায় ভাইরাল। এদিকে ‘গীত-আদিত্য’ জুটিকে একসাথে দেখে খুশি তাদের অনুরাগীরাও।
‘জাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন তাদের ব্রেকআপ হলেও ছবিতে তার কোনো প্রভাব পড়েনি। বরং ছবিটি বক্স অফিসে তুমুল সাফল্য পায়।












