ডেস্ক রিপোর্ট:
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, দেশে আইনের শাসন নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে। তিনি জানান, বিচারপতি অপসারণের বিষয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে, যা পূর্বে পার্লামেন্টের আওতাধীন ছিল। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ২০২৪ সালে নবীন আইনজীবীদের সদস্যপদ প্রদান উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
নবীন আইনজীবীদের সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি বলেন, “প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার একটি অপরিহার্য উপাদান। নবীন আইনজীবীদের বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ন রাখতে আন্তরিকভাবে কাজ করতে হবে। সাম্প্রতিক আদালত অঙ্গনে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আইনজীবীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সার্বিকভাবে বার ও বেঞ্চের সমন্বয়ের মাধ্যমে বিচার বিভাগ আরও এগিয়ে যাবে।”
এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।












