খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনার-২ আসনের পাথরঘাটা উপজেলায় জামায়াত এবং বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষ থেকেই একাধিক মামলাও দায়ের করা হয়েছে। আর এ কারণেই পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এছাড়াও শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এতে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, জামায়াত অথবা বিএনপির নেতা হিসেবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। থানায় দায়েরকৃত বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কেউ বিএনপির হতে পারে আবার কেউ জামায়াতেরও হতে পারে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুলাহ আল মাসুদ বলেন, পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন মামলায় এজাহারভুক্ত অনেক আসামিকে এ অভিযানের মাধ্যমে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











