কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নামক ‘কারাগারে’ বন্দি দলটির নেতারা: তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৩০, ২০২৩ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল নেতৃত্ব কার্যত তাদের দলের নেতাদের বিএনপি নামক ‘কারাগার’-এর মধ্যে বন্দি করে রেখেছে, যেখান থেকে বের হয়ে কেউ নির্বাচন করতে পারবে না।

তিনি বলেন, ‘এর কারণ বিএনপি করলে এখন কোনো নির্বাচন করা যায় না, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা যায় না। আর তাদের সিদ্ধান্ত হয়, সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।

‘তবে বিএনপি নামক এই কারাগার থেকে অনেকেই বের হয়ে এসেছেন’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজকে অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য তারা অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির অনেক নেতাই স্বীকার করেন যে, আসলে এই সিদ্ধান্তগুলো বিএনপিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এখন আকাশের দিকে আর পশ্চিমের দিকে তাকিয়ে থাকে, যদি কিছু হয়। এভাবে একটি দল টিকে থাকতে পারে না। বিএনপি আজকে আবার অবরোধ ডেকেছে এবং আরও নাকি কর্মসূচি দেবে। কিন্তু এই অবরোধে জনগণের কোনো সাড়া নেই এবং বিএনপি মূল নেতৃত্বের এই সিদ্ধান্তের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা কেউ একমত নয়। নির্বাচনি আমেজ ও ডামাডোলে বিএনপির সমস্ত কর্মসূচি হাওয়ায় মিলিয়ে গেছে। তারা একটি হাস্যকর দলে রূপান্তরিত হয়েছে। আমি আশা করব, বিএনপি এই অপরাজনীতির পথ থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসবে।’