কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় এলে দেশে এমন আইনশৃঙ্খলা থাকবে, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে ‘ধানের শীষ’ প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফলিমারা, হোসেনডাঙ্গা, কলিমহর বাজার ও গোপালপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভায় অংশ নেন রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ।

পথসভায় বক্তব্যে হারুন অর-রশিদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ভোট না দিতে দিতে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে। তখন ভোটকেন্দ্রে না গেলেও ভোট হয়ে যেত। এমনকি মৃত মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। এর ফলে ভোটাররা মনে করে ভোটের দিন কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে।

তিনি বলেন, যদি এই অবস্থা চলতে থাকে এবং আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দেওয়া হয়, তাহলে গত ১৭ বছরে আমরা যেভাবে অন্ধকারে ছিলাম, তার থেকেও বেশি অন্ধকারে আমাদের থাকতে হবে। তাই আমাদের সবাইকে ভোটের অধিকার আদায় করতে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। ১২ তারিখ কোনো হেলাফেলা করা যাবে না। এই দিনটিকে কাজে লাগাতে হবে। সবাই যার যার পছন্দের প্রতীকে ভোট দেবেন।