ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১ ফেব্রুযারি) মধ্যরাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাটঘর ইউনিয়নের একুইছড়া বাজারে রবিবার মধ্যরাতে আগুনে বিএনপির দলীয় কার্যালয় ও চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানান। এদিকে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় বিএনপি এ ঘটনার জন্য ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির এক প্রভাবশালী নেতাকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘হাস্যকর’ দাবি করে পাল্টা অভিযোগ করছেন ওই প্রভাবশালী নেতা।
নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা বলেন, ‘আমাদের নেতা বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুল মান্নানের নির্বাচনী প্রচার চলাকালে রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আমাকে ফোনে হুমকি দেন।’ সদ্য বহিষ্কার হওয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক, ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারী জেলা বিএনপির সদস্য হজরত আলী মোবাইল ফোনে এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।












