কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে এবং আগামী ১৩ তারিখ থেকেই দেশ নতুন বাংলাদেশে প্রবেশ করবে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের বগলের তলে ঋণখেলাপি রয়েছে, তারাই আবার দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে। জনগণ আর এই ভণ্ডামি মেনে নেবে না।

এর আগে সোমবার সকালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। পরে তিনি কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত আরেকটি বিশাল জনসভায় যোগ দেন।

তার সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জনসভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। একপর্যায়ে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। মঞ্চ সজ্জা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি নেয় জেলা জামায়াত।

জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এসএম ফরহাদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি মো. সিবাগাতুল্লাহ সিফাতসহ জেলার তিনটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীরা।

ডা. শফিকুর রহমান বলেন, বংশানুক্রমিক রাজনীতি নয়, যোগ্য নেতৃত্বই দেশ পরিচালনা করবে। জনগণ আর ‘রাজার ছেলে রাজা হবে’ এ ধরনের রাজনীতি চায় না।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ‘আজাদির ভোট’ উল্লেখ করে তিনি বলেন, এই ভোট গোলামির বিরুদ্ধে জনগণের প্রথম ভোট।

সম্প্রতি নারী নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, মা-বোনদের অপমান করা হচ্ছে। এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে এখন অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে মা-বোনদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে।

তিনি দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশ ও সমাজে পরিবর্তন দৃশ্যমান হবে।