লালমনিরহাট থেকে লক্ষ্মীপুরে আনার পথে যাত্রীবাহী বাসের বক্সে গাদাগাদি করে রাখা অবস্থায় দমবন্ধ হয়ে ৫৫টি ছাগলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও এক ছাগল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ করেন। পরে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে একটি যাত্রীবাহী বাসে ৫৫টি ছাগল বক্সের ভেতর গাদাগাদি করে লক্ষ্মীপুরে আনা হচ্ছিল। দীর্ঘ পথ চলার সময় তীব্র গরম ও বাতাসের অভাবে একপর্যায়ে সবগুলো ছাগল মারা যায়।
এ ঘটনায় প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে বাসের সুপারভাইজার আবুল হাশেম ও ব্যবসায়ী মো. ফারুককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, পর্যাপ্ত বাতাসের অভাবে দমবন্ধ হয়ে ছাগলগুলোর মৃত্যু হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।












