কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাসায় ফিরলেন তারেক রহমান

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে দীর্ঘ ১৭ বছর পর নিজ বাসায় ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় ফিরেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর তিনি তার গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে পৌঁছেন। সেখানেই পরিবার নিয়ে থাকবেন তিনি। এর পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটি তার মা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আবাসস্থল।

এর আগে লন্ডন থেকে দুপুরে দেশে ফিরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। গণসংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন— অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন— আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি।’

একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই: তারেক রহমান

গণসংবর্ধনা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের পথে যাত্রা করেন। বিকাল ৫টা ৫০ মিনিটে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন।

পরে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। তাদের আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।