কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগামী বর্ষাকাল পর্যন্ত টাস্কফোর্স কাজ করবে: পরিবেশ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১২, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হবে, যা আগামী বর্ষাকাল পর্যন্ত কাজ করবে। এছাড়া কিছু এলাকা ‘নো ব্রিকফিল্ড জোন’ ঘোষণা করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তিনি বলেন, বায়ুদূষণ রাতারাতি সমাধান সম্ভব নয়, তাই জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ছয় মাসের মধ্যে পুরনো যানবাহন অপসারণ এবং রাজধানীতে খোলা ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকরের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শুষ্ক মৌসুমে ঢাকা ও আশপাশের এলাকায় বায়ুদূষণ রোধে করণীয় নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করে তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণকাজের ধুলা, ইটভাটা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধি, আইন বাস্তবায়ন এবং মনিটরিং আরও জোরদার করার মাধ্যমে সমস্যার সমাধানে কাজ করা হবে।

তিনি আরও বলেন, নির্মাণকাজে ধুলা কমাতে পানি ছিটানো, নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং সুরক্ষা বেষ্টনী ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত ভ্যাকুয়াম ট্রাক দিয়ে রাস্তা পরিষ্কার রাখা, দ্রুত সড়ক মেরামত এবং রাস্তার ধারে ঘাস লাগানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা ও বর্জ্য পোড়ানো বন্ধ করতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, খাল উদ্ধার এবং উন্মুক্ত জায়গায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। দেশের পরিবেশের মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

সভার সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব)। এতে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।