রাজধানীর পল্টন থানাধীন বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, এগুলো ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পা এবং শনিবার সকালে কাঁটা দুই হাত উদ্ধার করে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি স্থানে বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এ ছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা।
তিনি জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তার বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।










