কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজায় অংশ নিয়ে ফের কারাগারে ছাত্রদল নেতা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি, জানাজায় অংশ নিয়ে ফের কারাগারে ছাত্রদল নেতা

রাজবাড়ীতে বাবার মৃত্যুতে সাময়িক প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন কারাবন্দি ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮)। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামে পারিবারিক ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

আলাউদ্দিন পাটোয়ারী রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। একটি অস্ত্র মামলায় তিনি বর্তমানে জেলা কারাগারে আটক রয়েছেন। শনিবার দুপুরে তার বাবা শুকুর পাটোয়ারী মৃত্যুবরণ করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাবাকে শেষবারের মতো দেখা ও জানাজায় অংশগ্রহণের সুযোগ চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলের আবেদন করা হয়। আবেদনের পর জেলা প্রশাসক সুলতানা আক্তারের অনুমোদনে তাকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমিত সময়ের জন্য মুক্তি দেওয়া হয়।

নির্ধারিত সময়ে পুলিশি নিরাপত্তায় তিনি জানাজায় অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, প্রশাসনের অনুমতি সাপেক্ষে পুলিশ পাহারায় তাকে জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। সময় শেষ হলে নিয়ম অনুযায়ী তাকে আবার কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযানের সময় যৌথবাহিনী একটি বিদেশি তৈরি রিভলভার ও একটি ধারালো অস্ত্রসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় তিনি বর্তমানে বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।