ডেস্ক রিপোর্ট:
চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “আমরা চাল আমদানি করছি গুদামে জমা রাখার জন্য নয়, বরং জনসাধারণের মধ্যে বিক্রির উদ্দেশ্যে। বর্তমানে বাজারে খাদ্য বিভাগের খোলা বাজার বিক্রয় (ওএমএস) কার্যক্রমের মাধ্যমে চাল সরবরাহ করা হচ্ছে। এতে বাজারে চাহিদা কমবে এবং ধীরে ধীরে বাজার আরও স্থিতিশীল হবে।”
বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত ‘আমন সংগ্রহ ২০২৪-২৫: লক্ষ্যমাত্রা ও অর্জন’ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইমাম মজুমদার।
সভায় আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা পূরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় খাদ্য উপদেষ্টা জানান, “প্রতিদিন দেশের প্রতিটি উপজেলায় দুই মেট্রিক টন চাল ওএমএস কার্যক্রমের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। প্রয়োজনে এই পরিমাণ আরও বাড়ানো হবে। এতে সাধারণ মানুষের জন্য খাদ্য সংগ্রহ সহজ হবে।”
বরিশালের আমন সংগ্রহ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যেই আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “ওএমএস কার্যক্রম চালিয়ে গেলে বাজারে চাপ কমবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল থাকবে।”












