কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজারে আলুর দাম বাড়লেও, অন্য কিছু পণ্যের দাম সাশ্রয়ী হয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১১, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও, অন্য কিছু পণ্যের দাম সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ানোর বিষয়টি সবাই জানে, কিন্তু দাম কমানোর বিষয়টি অনেকেই বলছে না। বাজারে সব পণ্যের দাম একসঙ্গে কমানো সম্ভব নয়; এক পণ্যের দাম বাড়বে, অন্য পণ্যের দাম কমবে—এটাই বাজারের স্বাভাবিক প্রক্রিয়া।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, আমরা দ্রুততার সাথে প্রয়োজনীয় পণ্যগুলোর ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করে তা অনুমোদন দিচ্ছি। আজকের বৈঠকে আমরা বিভিন্ন ধরনের সার, এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছি।

তিনি আরো বলেন, অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে, যা গতকাল বাণিজ্য উপদেষ্টা সাফ করেছেন। তিনি বলেছেন, সয়াবিন তেলের প্রতি টনে দাম গত ৩০-৪০ বছরে এতটা বাড়েনি। তবে, আন্তর্জাতিক বাজার আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

এক সাংবাদিক যখন প্রশ্ন করেন যে, সরকার যে পদক্ষেপ নিচ্ছে, তার প্রভাব বাজারে কেন দেখা যাচ্ছে না, তখন অর্থ উপদেষ্টা বলেন, প্রভাব একেবারে নেই এমন নয়। আপনি যেভাবে আলুর দাম বাড়তে দেখছেন, অন্য অনেক পণ্যের দাম কিন্তু সাশ্রয়ী হয়েছে।