ডেস্ক রিপোর্ট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বিগত ১৬ বছর ধরে খুনি শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। জোরপূর্বক গুম, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ হেফাজতে নির্যাতন ও হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, জুলাই গণহত্যাসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে এই সমাবেশের আয়োজন করে ‘মায়ের ডাক’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।
সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে নামার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। এককভাবে চেষ্টা করেও ১৬ বছর কেউ সফল হতে পারেনি। তবে সব জুলুম ও অত্যাচারের পর যখন দল-মত-বয়স ভুলে সবাই একসঙ্গে রাজপথে নেমেছি, তখন খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।”
তিনি আরও বলেন, “বিগত ১৬ বছরে যেকোনো প্রয়োজনে এবং যেভাবে প্রয়োজন হয়েছে, খুনি শেখ হাসিনা পুলিশকে ব্যবহার করেছেন। সাধারণ মানুষকে মিথ্যা অভিযোগে গ্রেফতার, খুন এবং গুম করেছেন।”
সমাবেশে সভাপতিত্ব করেন মায়ের ডাক সংগঠনের আহ্বায়ক শারমিন ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, এবং মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।












