ডেস্ক রিপোর্ট:
সৌদি আরবের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সৌদিয়া বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ ভ্রমণকারী আকৃষ্ট করার লক্ষ্য নির্ধারণ করেছে। সৌদি আরব বাংলাদেশের সঙ্গে তাদের পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করতে এই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশে প্রায় পাঁচ দশক ধরে সেবা প্রদানকারী সৌদিয়া তার কার্যক্রম আরও সম্প্রসারিত করতে চায় এবং বাংলাদেশি যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে সৌদি পর্যটন লক্ষ্যের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চায়।
১৯৮০ সালে ঢাকায় প্রথম ফ্লাইট চালু করার পর থেকে সৌদিয়া বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি বিশ্বস্ত বাহন হয়ে উঠেছে। বর্তমানে ঢাকা এবং চট্টগ্রাম থেকে একাধিক সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করে, যা জেদ্দা, রিয়াদ ও মদিনার মতো গুরুত্বপূর্ণ সৌদি শহরগুলোর সঙ্গে বাংলাদেশের সংযোগকে আরও দৃঢ় করেছে। ফলে সৌদিয়া বাংলাদেশে একটি প্রধান উপসাগরীয় এয়ারলাইন্স হিসেবে তার স্থান আরও সুদৃঢ় করেছে।
২০৩০ সালের মধ্যে সৌদি আরব তাদের ভিশনকে সমর্থন করতে ৩৩০ মিলিয়ন দর্শনার্থীকে স্বাগত জানাতে চায়, এর মধ্যে বার্ষিক ৩০ লাখ বাংলাদেশি পর্যটক আকর্ষণ একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
ভ্রমণ অভিজ্ঞতা আরও উন্নত করতে, সৌদিয়া নতুন ডিজিটাল পরিষেবা চালু করেছে, যার মধ্যে সৌদিয়া ট্রাভেল কম্প্যানিয়ন (টিসি) এর বিটা সংস্করণ অন্যতম। এটি একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। ভ্রমণকারীরা সহজেই হোটেল, পরিবহন এবং কার্যক্রম বুক করতে পারবেন, ফলে তাদের যাত্রা হবে আরও মসৃণ ও সুবিধাজনক।












