ভারতের ‘সিটি অব জয়’ নামে পরিচিত কলকাতা শহরে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব কলকাতাতেও অনুভূত হয়। কম্পন টের পেয়ে অনেকে বাড়ি, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
বিশেষ করে জনবহুল এলাকাগুলোতে পুরনো ভবনের সংখ্যা বেশি থাকায় উদ্বেগ আরও বাড়ে। অনেক বাসিন্দা মোবাইল ফোনে পাওয়া ভূমিকম্প সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাসিন্দাদের অনেকেই নিরাপত্তার জন্য খোলা জায়গায় অবস্থান নেন।
একজন ৬৩ বছর বয়সী নারী জানান, তিনি দোলনা চেয়ারে বসে থাকা অবস্থায় সেটি নিজে থেকেই দুলতে শুরু করে। এমনকি ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও সেটিতেও নড়াচড়া লক্ষ্য করেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কম্পন কয়েক মিনিট স্থায়ী ছিল।











