ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিক্রম মিশ্রি বলেন, ভারতের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ভারত দুই দেশের ইতিবাচক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। অতীতেও এ ধরনের সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চায়। এই সম্পর্ক জনগণকেন্দ্রিক, যা উভয় দেশের জন্য উপকারী।
ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক, ইতিবাচক এবং পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক স্থাপনে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক কিছু দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে আলোচনা হয়েছে, যার মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পদের ওপর আক্রমণের বিষয়ও ছিল। ভারত আশা করে, বাংলাদেশ এসব বিষয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করবে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে কাজ চলছে।
এর আগে, সোমবার সকালে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দুই দেশের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।
বিক্রম মিশ্রি রাতেই ঢাকা ত্যাগ করবেন। এর আগে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।












