কুবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে ফিল্ডওয়ার্কে অংশ নিয়েছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মো. হিজবুল্লাহ আরেফিন তাজবী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় মো. হিজবুল্লাহ আরেফিন তাজবীকে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তবে প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ডওয়ার্ক অনুষ্ঠিত হয় চলতি বছরের ৯ জানুয়ারি।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘যাদের বহিষ্কার করা হয়েছে, তাদের ক্লাস, পরীক্ষা সবকিছুই নিয়মানুযায়ী বাতিল হয়ে যায়। ফিল্ডওয়ার্কের রিপোর্টও বাতিল বলে গণ্য হবে। তবে ফিল্ডওয়ার্ক শেষ হওয়ার পর আমরা বহিষ্কারের চিঠি পেয়েছি। সে কারণে ওই সময় সবাইকে নিয়েই ফিল্ডওয়ার্কে যাওয়া হয়েছে।’
বিভাগে বহিষ্কারের চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘কবে পাঠিয়েছি সেটা এখন ঠিক বলতে পারছি না। সিন্ডিকেট সভায় কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারের আদেশসহ একাধিক এজেন্ডা ছিল। সবগুলো চিঠি ইস্যু করতে আমাদের কিছুটা সময় লাগে।’
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ২০২৫ প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ সেমিস্টারের 0222-ARC-221 কোর্সের পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় মো. হিজবুল্লাহ আরেফিন তাজবী-কে পরীক্ষার হলে আটক করা হয়।











