কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বলিউড থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন নার্গিস ফাখরি

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৫, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

একসময় বলিউডের রকস্টার খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরিকে গত কয়েক বছর ধরে আর বলিউড ইন্ডাস্ট্রির আশপাশে দেখা যায় না। “রকস্টার” ও “ম্যাড্রাস কাফে”-র মতো ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করেছিলেন। কিন্তু ধীরে ধীরে বলিউডের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। কেন তিনি এই ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিলেন—এ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সম্প্রতি সেই রহস্য উন্মোচন করলেন নার্গিস।

নার্গিস জানিয়েছেন, বলিউডে কাজের পদ্ধতি এবং পরিবেশ তাকে একসময় ক্লান্ত করে তোলে। ইন্ডাস্ট্রির ভেতরের কিছু তিক্ত অভিজ্ঞতা তাকে বাধ্য করেছে বলিউড থেকে দূরে সরে যেতে। যদিও সেই অভিজ্ঞতা বিস্তারিতভাবে বলতে চাননি তিনি।

অভিনেত্রী বলেন, “বলিউডে কাজ করতে গিয়ে আমি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হয়েছি যা খুবই অনভিপ্রেত ছিল। সেই ঘটনার প্রভাব এতটাই ছিল যে, এরপর আর বলিউডে ফেরার ইচ্ছে হয়নি।”

তবে নার্গিস স্পষ্ট করেই জানিয়েছেন যে সবার ক্ষেত্রেই এমনটা ঘটে না। তিনি বলিউডে অনেক ভালো মানুষের সঙ্গে কাজ করেছেন এবং তাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

বলিউডের আইটেম গান নিয়েও নিজের অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন নার্গিস। তিনি বলেন, “পাশ্চাত্য নাচের কিছু ভঙ্গি জানি বলে আমাকে অনেক আইটেম গানে কাজ করতে বলা হতো। কিন্তু শুটিংয়ের আধা ঘণ্টা আগে নাচ শিখে তারপর ক্যামেরার সামনে দাঁড়াতে বলাটা আমার কাছে খুবই অদ্ভুত মনে হতো।”

নার্গিস আরও জানান, বলিউডের সেটে এমন অনেক কিছু ঘটে, যা এই ইন্ডাস্ট্রির সংস্কৃতির অংশ হলেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। বিশেষ করে যারা ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসেন, তাদের জন্য এই অভিজ্ঞতাগুলো বেশ কঠিন হয়ে পড়ে। নার্গিস বলেন, “সবাই এই ধরনের সমস্যাগুলো মানিয়ে নিতে পারে না। আমিও পারিনি। তাই সরে গেছি।”

নার্গিসের এই মন্তব্যে বলিউড ইন্ডাস্ট্রির আড়ালে থাকা অনেক অজানা গল্প নতুন করে সামনে চলে এসেছে। তবে বলিউডে তার ভক্তরা এখনও আশায় আছেন, তিনি একদিন হয়তো বড় পর্দায় ফিরে আসবেন।