জহিরুল ইসলাম খান
কুমিল্লা–৮ (বরুড়া) আসনে ফলাফলের চিত্র বলছে, এখানে লড়াই থাকলেও শেষ পর্যন্ত ব্যবধান হয়েছে বড়। মোট ৩ লাখ ৮০ হাজার ৮৩৩ জন ভোটারের এই আসনে ১০৬টি কেন্দ্রের সব ফল প্রকাশ হয়েছে।
সর্বমোট ২ লাখ ২৬ হাজার ৮০৬ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ২ লাখ ২১ হাজার ৯৩টি এবং বাতিল ভোট ৫ হাজার ৭১৩টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৫৬ শতাংশ।
ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ শফিকুল আলম হেলাল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৮৭ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সুপ্রীম পার্টির মোহাম্মদ গোলাম মোরশেদ একতারা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২২৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ গোলাম ছাদেক হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৭৩ ভোট। জাতীয় পার্টির এইচ এম এম ইরফান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৭২৭ ভোট। ইসলামী ঐক্যজোটের আব্দুল কাদের মিনার প্রতীক নিয়ে পেয়েছেন ২৭৯ ভোট। বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ মফিজ উদ্দিন আহমেদ হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১ ভোট এবং বাসদের মোঃ আলী আশরাফ মই প্রতীক নিয়ে পেয়েছেন ১৬০ ভোট।
সংখ্যা বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে এক প্রার্থীর ঝুলিতে। বরুড়ায় এবারের ফল তাই ব্যবধানের কারণেই আলাদা করে নজর কাড়ছে।












