বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে শুক্রবার দুপুরে ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ।
হাইওয়ে পুলিশের বরাতে জানা যায়, ঢাকা থেকে রোগী ও স্বজনদের নিয়ে আসা অ্যাম্বুলেন্সটি মাহিলাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স চালক নাইমুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্স এবং ট্রলি জব্দ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বলেন, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে এবং নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।










