ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার ওই পাঁচতলা ভবনের পঞ্চম তলায় কর্কশিট ও হার্ডবোর্ডের একটি গোডাউন ছিল। সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সেখানে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ৭টা ৭ মিনিটে কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাস্তার যানজট ঠেলে ৭টা ২২ মিনিটে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের একটি তলা থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই তাড়াহুড়ো করে ভবন থেকে নিচে নেমে আসেন।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।












