কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি : রুহুল কবির রিজভী

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১২, ২০২৪ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো সঠিক কাজ হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন, তবে পরবর্তীতে জিয়াউর রহমান সেই ছবি আবার টাঙিয়েছিলেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সম্মান জানানো উচিত। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা বিচার করবে। আওয়ামী লীগ যেমন সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে থাকে, বিএনপি তেমন নয়। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি।

এ সময় আওয়ামী লীগের শাসনামলের সরকারকে সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভাল ডাক্তার হয়েও অনেককে রাজনৈতিক কারণে পদোন্নতি দেয়া হয়নি। বিএনপির সাথে সম্পর্ক থাকায় অনেকেই চাকরিতে পদোন্নতি পায়নি। অনেকেই একই পদে ১৫-১৬ বছর চাকরি করেছেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কম অত্যাচার করতেন, তবে তাকে দেশ ছেড়ে পালাতে হতো না। তিনি জানেন, কাকে কাকে গুম করা হয়েছে, এবং কার সাথে অন্যায় হয়েছে। যে অন্যায় করবে, তাকে পালাতে হয়। অবিচার করলে, নিজের দেশে কেউ থাকতে পারে না।

এর আগে সোমবার, বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানান।