কুমিল্লাসোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলী উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামের এক পরিবহন ব্যবসায়ীকে বাড়ি ফেরার পথে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালের দিকে গাবতলী পৌরসভার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকায় বসতবাড়ির অদূরে একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করার করে পুলিশ। সাইফুল ইসলাম গাবতলী পৌরসভার সোন্দাবাড়ি পূর্বপাড়ার বাসিন্দা। তাঁর পরিবহন ব্যবসা রয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, রাত দেড়টা থেকে ভোর পাঁচটার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে বাড়ির অদূরে একটি খেতে নিয়ে গলাকেটে হত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম পরিবহন ব্যবসায় জড়িত। তাঁর নিজের সাতটি ট্রাক আছে। শনিবার রাতে বাড়ি ফেরার পথে তাঁকে বসতবাড়ির সামান্য অদূরেই একটি খেতের জমিতে নিয়ে গলাকেটে হত্যা করা হয়। আজ ভোরের দিকে বাড়ি থেকে আনুমানিক ৫০ গজ অদূরে একটি ঘাসের খেতে তাঁর লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন।

সাইফুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম বিলাপ করে বলেন, ট্রাক ব্যবসার আয় দিয়ে তাঁর স্বামী সংসার চালাতেন। কারো সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। ব্যবসার কাজ শেষ করে নিত্যদিন রাত একটা থেকে দেড়টার দিকে বাড়ি ফিরতেন তিনি। শনিবার রাতে তিনি বাড়ি ফেরেন নি। এশার নামাজের পর তাঁর সঙ্গে সবশেষ যোগাযোগ হয়। আজ সকালে বাড়ির অদূরে তাঁর গলাকাটা লাশ উদ্ধার হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ আবু রায়হান বলেন, সাইফুলকে কী কারণে কারা হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ব্যবসাকে কেন্দ্র করে কারও সঙ্গে পূর্ব বিরোধের জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।