কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি ও কৃষি কার্ডের টাকা কোথা থেকে আসবে সেটা তারা বলে না: নাহিদ

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

কটি রাজনৈতিক দল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এসব কার্ডের বিপরীতে যে অর্থ দেয়া হবে, তা কোথা থেকে আসবে সে বিষয়ে তারা কোনো স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে গণভোটের প্রচারণা উপলক্ষে আয়োজিত ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ওরা শুধু খরচ করবে কোথায় সেটা বলছে। ফলে দেখা যাবে, এসব কার্ড দিতে গিয়ে আবার ভ্যাট বাড়ানো হবে, জনগণের ওপর অতিরিক্ত চাপ আসবে। অথবা এই কার্ডগুলো কেবল দলীয় লোকজনই পাবে, সাধারণ মানুষ বঞ্চিত হবে। এতে আবার দলীয়করণ, দুর্নীতি ও স্বজনপ্রীতি বাড়বে।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর একটি দল সরকারে এসে ১০ টাকায় চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির নামে দেশকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। জনগণ এবার সচেতন। মানুষ ১৬ বছর ধরে ভোট দিতে পারেনি। ফলে এবার মানুষের ভোট কেনা যাবে না। সস্তা প্রচারণা দিয়ে জনগণকে আকৃষ্ট করা যাবে না।

গণভোট প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো সব রাজনৈতিক দলের দায়িত্ব ছিল। কিন্তু দেখা যাচ্ছে, একটি বিশেষ রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে কথা বলছে এবং নানা কৌশলে মানুষকে ‘না’ ভোট দেয়ার দিকে প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, সংস্কার কমিশন গঠনের সময় ওই দলই বলেছিল এই সরকার কেন সংস্কার করবে এবং গণ–অভ্যুত্থানের পর কোনো সংস্কারের প্রয়োজন নেই।

নাহিদ ইসলাম আরও বলেন, গণভোটে আমরা এনসিপি ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছি। জনগণকে আমরা ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। যদি আমাদের দল আপনাদের পছন্দ নাও হয়, আমাদের ভোট নাও দেন তবু অন্তত ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেয়া। কারণ ‘হ্যাঁ’ জয়ী হলে সংস্কার প্রক্রিয়া এগোবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং গণ–অভ্যুত্থানের পর যে ফ্যাসিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চাওয়া হয়েছিল, তা কিছুটা হলেও বাস্তবায়িত হবে। আর ‘না’ জয়ী হলে আগের ব্যবস্থাই বহাল থাকবে এবং গণ-অভ্যুত্থান ব্যর্থ হবে।