কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফাইনালের আগেই চিটাগাং কিংস ছাড়লেন ইয়াশা সাগর

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

খুলনা টাইগার্সকে নাটকীয়ভাবে হারিয়ে বিপিএলের ফাইনালে পা রেখেছে চিটাগাং কিংস। শুক্রবার সন্ধ্যা ৭টায় ফরচুন বরিশালের বিপক্ষে মুখোমুখি হবে দলটি। ফাইনাল নিয়ে চিটাগাং সমর্থকদের মধ্যে উন্মাদনা বাড়ছে। তবে এই সময়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্বের কারণে এবারের বিপিএলের আলোচিত হোস্ট ইয়াশা সাগর বিদায় নিয়েছেন।

এবারের আসরে চিটাগাং কিংসের অন্যতম আকর্ষণ ছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। তার আকর্ষণীয় উপস্থিতি বিপিএলের ম্যাচে দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল। চিটাগাংয়ের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকদের হাতে ইয়াশার নামে প্লেকার্ড দেখা যেত। তবে গত কিছুদিন ধরে মাঠে তার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

পরবর্তীতে জানা গেছে, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। খবর অনুযায়ী, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে তার কিছুটা দ্বন্দ্ব ছিল। চিটাগাং কিংসের মালিকপক্ষ ইয়াশাকে উকিল নোটিশও দিয়েছিল। এরপরই তিনি বাংলাদেশ ত্যাগ করেন।

ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী একটি সংবাদমাধ্যমকে বলেন, “আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেওয়ার। এখানে পেমেন্টের কোনো বিষয় নেই।” তিনি আরও যোগ করেন, “তাকে (ইয়াশা সাগর) কাজ দেওয়া হয়েছিল, কিন্তু সে কাজ প্রত্যাখ্যান করে এবং আমার স্পনসরদের সাথে অসহযোগিতা করে। ফটোশুট বা অন্যান্য কাজের জন্য তার ম্যানেজার অতিরিক্ত টাকা দাবি করে। আমি চুক্তি অনুযায়ী কাজ করতে বলেছি। যখন সে চুক্তি মানেনি, তখন আমি আইনগত নোটিশ পাঠিয়েছি। পরে সে চলে গেছে। চুক্তিতে শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা ছিল। তাহলে সে চলে গেল কেন?”

ইয়াশা সাগর একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল। তিনি অভিনয়, মডেলিং, ফিটনেস ইনফ্লুয়েন্সিং এবং ক্রিকেট প্রেজেন্টার হিসেবে কাজ করেন। এবারই প্রথম তিনি বিপিএলে হোস্ট হিসেবে অংশ নিয়েছিলেন।