সাতক্ষীরা: কপোতাক্ষ নদের বালু লুটের খবর প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।এছাড়া বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, একটি জাতীয় দৈনিকে গত ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিকটির শ্যামনগর প্রতিনিধি সামিউল মনিরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।এরই প্রেক্ষিতে সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সামিউল মনিরের ওপর হামলা করেন যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজ আল আসাদ (কল্লোল), বাবলুর রহমান, আব্দুর রহিমসহ ২৫-৩০ জন।












